দুই নারীর বিরুদ্ধে মানহানির অভিযোগে আদালতে মামলা করেছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বর্তমানে অভিযোগটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিনেত্রীর আইনজীবী মো. জসীমউদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে অভিযোগ দায়েরের পর মামলাটি তদন্তের দায়িত্ব ডিবির কাছে দেওয়া হয়েছে।
মামলার আসামিরা হলেন সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা। অভিযোগে সানায়্যা আনাম ওয়াফিকাহকে প্রথম এবং ফাতেমা তুজ জোহরাকে দ্বিতীয় আসামি করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য এবং মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। এ ঘটনায় নিজের সম্মানহানির অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী।
এ বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি। বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে জানিয়ে এ সংক্রান্ত বক্তব্যের জন্য নিজের আইনজীবীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
সদ্য সংবাদ/এজে