মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে আবারও সড়কে নেমেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুটি স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কয়েকটি কারখানার শ্রমিক। তাদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর উপজেলার বাঘের বাজার এবং গাজীপুর সদর এলাকার পোড়াবাড়িতে এ কর্মসূচি শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সংশ্লিষ্ট এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে প্রথমে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা দলবদ্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন।
এতে মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল ব্যাহত হয়। সড়কে তৈরি হয় অচলাবস্থা।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
সদ্য সংবাদ/এজে