যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয় পিএইচডি গবেষক কামাক্ষী। এক অপরিচিত নারীর অপমানজনক মন্তব্যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার কথা জানিয়ে তিনি বলেছেন, ঘটনাটির পর দিনের বাকি সময় নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করেছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই শিক্ষার্থী। তাঁর দাবি, অক্সফোর্ডে বর্ণের কারণে মানুষকে ছোট করার ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়; বরং প্রতিদিনের নানা আচরণ ও মন্তব্যের মধ্য দিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেককে।
কামাক্ষীর বর্ণনা অনুযায়ী, একদিন একটি দোকানে কেনাকাটার সময় এক শ্বেতাঙ্গ নারী তাঁর আশপাশে ঘোরাফেরা করছিলেন। কিছুক্ষণ পর ওই নারী কাছে এসে তাঁর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে বলে মন্তব্য করেন। আকস্মিক এমন কথায় হতভম্ব হয়ে যান কামাক্ষী। তিনি কোনো প্রতিক্রিয়া জানানোর আগেই ওই নারী সেখান থেকে চলে যান।
ঘটনাটি তাঁর কাছে আরও বেশি বেদনাদায়ক হয়ে ওঠে ব্যক্তিগত একটি কারণে। কামাক্ষী যে সুগন্ধি ব্যবহার করেন, সেটি তাঁর বাবার পছন্দের। ফলে অপমানজনক মন্তব্যটি শুধু তাঁকে বিব্রত করেনি, প্রিয় একটি স্মৃতির সঙ্গেও নেতিবাচক অভিজ্ঞতা জুড়ে দিয়েছে।
তিনি জানান, ঘটনার পর সারাদিন মানুষের দৃষ্টি এড়িয়ে চলতে চেয়েছিলেন। নিজেকে যতটা সম্ভব আড়ালে রাখার চেষ্টা করেন, যেন অন্য কেউ তাঁকে খেয়াল না করেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী মন্তব্যের কথা জানালে অনেকেই তাঁর প্রতি সমর্থন জানান। সেই প্রতিক্রিয়া থেকেই বিশ্ববিদ্যালয়জীবনে বর্ণবৈষম্যের অভিজ্ঞতা নিয়ে আরও খোলামেলা কথা বলার সিদ্ধান্ত নেন বলে জানান তিনি।
কামাক্ষীর মতে, ব্যক্তিগত পর্যায়ের অপমানজনক আচরণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ইতিহাস ও কাঠামোর মধ্যেও বর্ণবাদ এবং সাম্রাজ্যবাদের প্রভাব রয়েছে। অক্সফোর্ডের মতো প্রতিষ্ঠানে এ ধরনের বিষয় নিয়ে আলোচনা এবং কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
তবে অপমানজনক অভিজ্ঞতার কারণে নিজের ভারতীয় পরিচয় ও সংস্কৃতি থেকে সরে আসতে চান না কামাক্ষী। বরং দেশীয় পোশাক, ঝুমকা, টিপ এবং বাবার পছন্দের সেই সুগন্ধি ব্যবহার অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
তাঁর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবৈষম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিদেশের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অভিজ্ঞতা, বৈষম্য মোকাবিলায় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় এসেছে।
সদ্য সংবাদ/এজে