চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
হাজির করা তিন সাংবাদিক হলেন- মোজাম্মেল বাবু, ফারজানা রুপা ও শ্যামল দত্ত। মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক, ফারজানা রুপা একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক এবং শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সাবেক সম্পাদক।
রাষ্ট্রপক্ষের দাবি, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়োজিত সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিকের বক্তব্য আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক ভূমিকা রেখেছিল। ওই সংবাদ সম্মেলনে করা বক্তব্যের পরিপ্রেক্ষিতেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এ ঘটনায় গত ১৭ আগস্ট তিন সাংবাদিককে ট্রাইব্যুনালে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই সঙ্গে মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করার কথা রয়েছে রাষ্ট্রপক্ষের।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের অভিযোগ, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কিছু বক্তব্য সরাসরি প্রশ্নের পর্যায়ে ছিল না। বরং তৎকালীন প্রধানমন্ত্রীকে নির্দিষ্ট বক্তব্য দেওয়ার জন্য প্ররোচিত করা হয়েছিল। এর পরই আন্দোলনকারীদের নিয়ে শেখ হাসিনার বিতর্কিত মন্তব্য আসে বলে দাবি করেন তিনি।
রাষ্ট্রপক্ষ আরও জানিয়েছে, এটি কোনো পুরোনো মামলার ধারাবাহিকতা নয়। ১৪ জুলাইয়ের ওই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে নতুন করে করা একটি ‘মিস কেস’ বা বিবিধ মামলা হিসেবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তবে মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। শুনানিতে অভিযোগগুলোর বিষয়ে ট্রাইব্যুনালের পরবর্তী নির্দেশনা আসতে পারে।
সদ্য সংবাদ/এসকে