বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল বিভাগের উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন সাবেক এমপি মিলনকে আদালতে হাজির করে মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত পুলিশের আবেদন অনুমোদন করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঘোষিত এক দফা দাবির কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টনে দলটির নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। এর কয়েক দিন আগে, ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার সময় গুলিবিদ্ধ হয়ে বিএনপি কর্মী মকবুল হোসেনের মৃত্যু হয়।
পরে এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলা করেন মাহফুজুর রহমান। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে আমিরুল আলম মিলনের নাম রয়েছে ৯৯ নম্বরে।
মামলার তদন্তের ধারাবাহিকতায় এবার তাকে মকবুল হোসেন হত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার করেছিল। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
সদ্য সংবাদ/এসএস