২০১৫ সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মামলাটিতে জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানোর আবেদন করার কথা রয়েছে প্রসিকিউশনের।
এর আগে গত ১০ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
সালাহউদ্দিন আহমদকে গুমের অভিযোগে গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে জিয়াউল আহসানের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও এ কে এম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলামসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে একদল ব্যক্তি সালাহউদ্দিন আহমদকে তুলে নিয়ে যায়। সে সময় তিনি বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়।
পরে ভারতের মেঘালয়ের শিলংয়ে তার সন্ধান মেলে। প্রায় পাঁচ মাস পর ২০১৫ সালের ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ।
এদিকে মামলার শুনানিতে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ ও প্রসিকিউশনের আবেদনের বিষয়ে ট্রাইব্যুনাল পরবর্তী আইনগত পদক্ষেপ নির্ধারণ করবে।
সদ্য সংবাদ/এসকে