জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছে শেষ হয়েছে। শনিবার (৭ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যাত্রা শুরু করে প্রায় সাত কিলোমিটার পথ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শোভাযাত্রায় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা।
এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের পাশ দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল অতিক্রম করে। এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের পাশাপাশি আশপাশের জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে সমবেত হন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা।
দলীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও মহানগরে শোভাযাত্রা করেছে বিএনপি। এ ছাড়া আগামী ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়ে একই ধরনের কর্মসূচি পালনের কথা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস