ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলতেই হট্টগোল

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ নভেম্বর, ২০২৬ ১৭:৪৯:০০
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে আয়োজিত আলোচনা সভায় ব্যানার ও এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে দুই দফা উত্তেজনার সৃষ্টি হয়েছে। মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় অনুষ্ঠান শুরুতে বাধার মুখে পড়ে। পরে তাঁর ছবি সংবলিত পোস্টার ব্যানারে লাগিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়। তবে আলোচনা চলাকালে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করায় আবারও হট্টগোল বাধে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে সভাটি হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রতিমন্ত্রী। এ সময় বিএনপির নেতাকর্মীরা মূল ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়টি তাঁর নজরে আনেন। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে তিনি মঞ্চে ওঠেননি। পরে জেলা প্রশাসক ও অন্য কর্মকর্তারা মূল ব্যানার নামিয়ে জিয়াউর রহমানের ছবি সংবলিত একটি পোস্টার কসটেপ দিয়ে সেখানে লাগান। এরপর মঞ্চে ওঠেন প্রতিমন্ত্রী। এ কারণে নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর সভার কার্যক্রম শুরু হয়।

এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যানারটি জেলা প্রশাসক আল-মামুন মিয়া নিজেই চূড়ান্ত করেছিলেন। তবে এ বিষয়ে অন্য কর্মকর্তারা আগে থেকে অবগত ছিলেন না বলে তাঁদের দাবি।

সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য দিতে গিয়ে জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ হিসেবে উল্লেখ করেন। তাঁর এ বক্তব্যের পর উপস্থিত নেতাকর্মীদের একাংশ প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ উত্তেজিত হয়ে মঞ্চের ডায়াসের দিকে এগিয়ে যান। একপর্যায়ে মারুফ হাসানকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হলে আবার সভা শুরু হয়।

ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখার ঘটনায় ক্ষোভ জানিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব বলেন, প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছেন বলে তাঁদের মনে হচ্ছে। এ ধরনের ঘটনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকেও প্রশ্নবিদ্ধ করতে পারে বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে জেলা প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, দীর্ঘ ১৯ বছর পর তাঁরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছেন। অথচ যে আয়োজনের সঙ্গে জিয়াউর রহমানের নাম জড়িত, সেই অনুষ্ঠানের ব্যানারেই তাঁর ছবি ছিল না। বিষয়টিকে তিনি নেতাকর্মীদের জন্য অত্যন্ত কষ্টদায়ক বলে উল্লেখ করেন এবং প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জেলা প্রশাসক আল-মামুন মিয়া বলেন, ইন্টারনেট থেকে ছবি সংগ্রহ করে ব্যানার তৈরি করা হয়েছিল। তবে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তিনি সভায় বক্তব্য দেওয়ার সময় ক্ষমা প্রার্থনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী অনুষ্ঠানের ত্রুটি-বিচ্যুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসককে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার শাহনাজ বেগম, সিভিল সার্জন আল-মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব এবং জেলা মুক্তিযোদ্ধা দলের নেতা জগলুল আলম।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ