বগুড়ার শাজাহানপুরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারুফ হাসান ওরফে বাবু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে গ্রেপ্তার হওয়া ওই যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয়দের বক্তব্যের সঙ্গে ভিন্নমত জানিয়েছে উপজেলা জামায়াত।
বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাঝিড়া কালিবাড়ি রোডের বিলাসী মেডিসিন স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মারুফ উপজেলার চুপিনগর উত্তরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে।
ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশের একটি দল। গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, বিলাসী মেডিসিন স্টোরের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন। পরে এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরনের প্যান্টের সামনের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় ৪ দশমিক ৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
ডিবির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে বগুড়ার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। ঘটনার দিনও বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশের দাবি।
গ্রেপ্তারের সময় পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে পড়ে মারুফ আহত হন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় মারুফ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাজাহানপুর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির এসআই আব্দুল কুদ্দুস।
এদিকে গ্রেপ্তার মারুফকে জামায়াতের কর্মী দাবি করেছেন স্থানীয় কয়েকজন। তাদের ভাষ্য, দলের বিভিন্ন কর্মসূচি, মিছিল ও সভায় তাকে অংশ নিতে দেখা গেছে।
তবে এই রাজনৈতিক পরিচয় সরাসরি নাকচ করেছেন শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদুল ইসলাম। তার দাবি, মারুফ হাসান জামায়াতের কোনো পর্যায়ের সদস্য বা কর্মী নন এবং দলের নথিতেও তার নাম নেই।
শহীদুল ইসলাম বলেন, কোনো ব্যক্তি দলীয় কর্মসূচিতে অংশ নিলেই তাকে জামায়াতের কর্মী হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ নেই। জামায়াত একটি নিয়মতান্ত্রিক সংগঠন এবং নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া কেউ দলের সদস্য হতে পারেন না।
মাদক মামলায় গ্রেপ্তার হওয়া যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয়দের দাবি ও উপজেলা জামায়াতের বক্তব্যে এ নিয়ে ভিন্নতা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের মামলার তদন্তে তার প্রকৃত সম্পৃক্ততা ও অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।
সদ্য সংবাদ/এসকে