জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বিলটিতে কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক বিধান রয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের বিতর্কিত বিধান বাতিলের দাবিতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এর আগে একই ইস্যুতে রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বিলটি নিয়ে সংসদে বিরোধী দলের পক্ষ থেকে আপত্তি ও সংশোধনের দাবি জানানো হয়।
সদ্য সংবাদ/এসকে