জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ যোগ দিচ্ছেন এমন সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন রনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সংবাদের প্রতিবাদ জানান তিনি।
পোস্টে গোলাম মাওলা রনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা জনাব হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।’
এর আগে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পদে আসতে যাচ্ছেন।
তবে রনির এ স্পষ্টীকরণের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
সদ্য সংবাদ/ এরআর