গত সপ্তাহে অনুষ্ঠিত ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর বিরোধী নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ ঘোষণা দেয় জোটটি।
এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে তারা আনুষ্ঠানিকভাবে গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করবে।
গত সপ্তাহের নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে। ফলে নতুন সরকার গঠনে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এর আগে আরেকটি গুরুত্বপূর্ণ আরব নেতৃত্বাধীন দল রা’আমও আইজেনকটকে সমর্থনের ঘোষণা দেয়। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের হিসাব অনুযায়ী, জয়েন্ট লিস্ট ও রা’আমের সমর্থন মিলিয়ে আইজেনকটের পক্ষে ৫৬ জন আইনপ্রণেতার সমর্থন প্রত্যাশিত।
অন্যদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের ৫৩টি আসন থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত নয়। অতি-রক্ষণশীল দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের সাতটি আসনের মধ্যে চারটির নিয়ন্ত্রণে থাকা দেগেল হা তোরাহ জানিয়েছে, তারা কোনো প্রার্থীকেই সমর্থনের সুপারিশ করবে না। হারেদি সম্প্রদায়ের পুরুষদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার আইন পাসে নেতানিয়াহু সরকারের ব্যর্থতার কারণে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নির্বাচনের আনুষ্ঠানিক ফল গ্রহণ করে সরকার গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। বুধবার তিনি রিলিজিয়াস জায়োনিজম, জেহুত, শাস ও ইসরায়েল বেইতেনু দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
আলোচনা শেষে হারজগ সরকার গঠনের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থীকে দায়িত্ব দেবেন। মনোনীত প্রার্থী ২৮ দিনের মধ্যে সরকার গঠনের সুযোগ পাবেন। প্রয়োজনে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যাবে। কেউ সরকার গঠনে ব্যর্থ হলে আগামী বছরের শুরুতে আবার নির্বাচন হতে পারে।
সদ্য সংবাদ/ এরআর