নভেম্বর মাসের জন্য উড়োজাহাজের জ্বালানি জেট এ-১-এর নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জ্বালানির দাম প্রতি লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়ানো হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে কমানো হয়েছে জ্বালানির মূল্য।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিইআরসির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকার তথ্য জানানো হয়। আজ রাত ১২টা থেকে এ দাম কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা ৩ পয়সা। গত মাসে একই পরিমাণ জ্বালানির দাম ছিল ১৮২ টাকা ৭১ পয়সা।
অন্যদিকে, আন্তর্জাতিক রুটে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইনসের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। আগের মাসের তুলনায় এ ক্ষেত্রে দাম কমেছে ০.০২৪৫ ডলার। এ মূল্য শুল্ক ও মূসক ছাড়া নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানায়, ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট এ-১ জ্বালানির প্লাটস রেটের গড় হিসাব এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নভেম্বরের মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রস্তাবের ভিত্তিতে কমিশন এ মূল্য সমন্বয়ের উদ্যোগ নেয়। এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর সংশ্লিষ্ট ধারায় গণশুনানিও অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৮২ টাকা ৭১ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল।
সদ্য সংবাদ/এজে