কোনো ধরনের চাপ, ভয়ভীতি কিংবা প্রতিবন্ধকতা তাঁকে নিজের অবস্থান থেকে সরাতে পারবে না বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। মানুষের ভালোবাসা ও আস্থার সম্পর্ক বাধা দিয়ে নষ্ট করা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। একই পোস্টে ঝিনাইদহের কালীগঞ্জে নির্ধারিত তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেওয়ার কথাও জানান এই সংসদ সদস্য।
সম্প্রতি কালীগঞ্জে তাঁর মাহফিল আয়োজনের অনুমতি নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে মতবিরোধ তৈরি হয়। বিষয়টি সমাধানে কালীগঞ্জ থানায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া হয়। তবে শর্ত দেওয়া হয়, অনুষ্ঠানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না।
ফেসবুক পোস্টে আমির হামজা জানান, তিনি কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে চান। তাঁদের প্রত্যাশা ও মতামত শোনার পাশাপাশি সত্যের পক্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
নিজের বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, জনগণের সঙ্গে তাঁর সম্পর্কের ভিত্তি ভালোবাসা, আস্থা ও আদর্শ। কোনো বাধা বা ষড়যন্ত্রের ওপর এই সম্পর্ক নির্ভর করে না। কালীগঞ্জের মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের জন্য তাঁদের মাহফিলে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষাংশে সত্যের পথে অবিচল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আমির হামজা।
সদ্য সংবাদ/এজে