সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে এটি বাতিলের দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে দলের এ অবস্থান তুলে ধরেন তিনি।
নাহিদ ইসলাম জানান, এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি, সমসাময়িক রাজনৈতিক সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নিরাপত্তাহীনতার বিষয়টি গুরুত্ব পায়। নাহিদ ইসলামের মতে, এসব ঘটনায় সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক কর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও আক্রান্ত হচ্ছেন।
তিনি বলেন, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেছেন তারা।
এনসিপির আহ্বায়ক আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেছেন। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
বৈঠকে সংবিধান সংশোধন কমিটির বিষয়টিও আলোচনায় আসে। কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে এর কার্যক্রম নিয়ে আপত্তি জানান নাহিদ ইসলাম। তার মতে, এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন।
সদ্য সংবাদ/এসএস