নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যের জেরে আবারও আলোচনায় এসেছেন মডেল, অভিনেত্রী ও রাজনীতিক মেঘনা আলম। তিনি দাবি করেছেন, জীবনে কখনোই ভার্জিনিটি হারাননি এবং ধূমপান বা মদ্যপানের মতো কোনো অভ্যাসও তার নেই।
রোববার (২৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান মেঘনা আলম। সেখানে নিজের আর্থিক অবস্থান ও ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না বলেও ইঙ্গিত দেন।
তবে ঠিক কী ঘটনা বা কার বক্তব্যের প্রতিক্রিয়ায় মেঘনা আলম এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি। ফলে তার বক্তব্যের উদ্দেশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।
মেঘনা আলম ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন। পরে ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান হিসেবেও পরিচিতি পান তিনি। তবে সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে সম্পর্কের দাবি ঘিরে সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়। মেঘনা আলম ওই কূটনীতিককে নিজের স্বামী হিসেবে দাবি করেছিলেন।
অন্যদিকে, মেঘনা আলমের বিরুদ্ধে ৫ মিলিয়ন মার্কিন ডলার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ তোলেন সাবেক সৌদি রাষ্ট্রদূত। ওই অভিযোগের পর গত ১০ এপ্রিল তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে মুক্তি পান তিনি।
এরই মধ্যে ব্যক্তিগত জীবন নিয়ে মেঘনা আলমের সর্বশেষ মন্তব্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি করেছে।
সদ্য সংবাদ/এসএস