'সম্ভবত এটাই আমার শেষ বছর'- অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬ ২১:৩৯:৫২
ছবি: সংগৃহীত

ফুটবল ক্যারিয়ারের ইতি টানার বিষয়ে এবার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই মহাতারকা জানিয়েছেন, চলতি মৌসুমই হতে পারে ফুটবলার হিসেবে তার শেষ বছর। একই সঙ্গে বিদায়ের আগে নিজের ক্যারিয়ারের জন্য ‘দারুণ এক উত্তরাধিকার’ রেখে যেতে চান বলেও জানিয়েছেন তিনি।

৪১ বছর বয়সী রোনালদোর সঙ্গে সৌদি ক্লাব আল নাসরের চুক্তি রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। এর আগে একাধিকবার অবসরের কাছাকাছি চলে আসার কথা বললেও নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি। তবে সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো তুলনামূলক স্পষ্ট করে অবসরের সম্ভাব্য সময় জানালেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

রোনালদো বলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি চাই, অসাধারণ একটি উত্তরাধিকার রেখে যেতে।’

গত বছরের নভেম্বরে রোনালদো জানিয়েছিলেন, আরও এক বা দুই বছর খেলা চালিয়ে যেতে পারেন। একই সময়ে তিনি নিশ্চিত করেছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে পর্তুগাল শেষ ষোলো থেকে স্পেনের কাছে বিদায় নেয়ার পরও অবসরের সঠিক সময় নিয়ে মুখ খোলেননি তিনি।

তবে এবার জানালেন, ফুটবল-পরবর্তী জীবন নিয়েও ইতোমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছেন। পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর পাশাপাশি ভ্রমণ, প্যাডেল খেলা এবং নিজের পছন্দের অন্যান্য কাজে সময় দেয়ার ইচ্ছা রয়েছে তার।

রোনালদোর ভাষায়, ‘আমার ভবিষ্যৎ নিয়ে সবকিছু পরিকল্পনা করা আছে। আমাকে ব্যস্ত রাখার মতো অনেক কিছুই আছে। ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে। তাই সেই সময়টা নানা কাজে পূরণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আরও আনন্দ করতে চাই, বেশি ভ্রমণ করতে চাই, প্যাডেল দেখতে ও খেলতে চাই। এত বছর অনেক ত্যাগ স্বীকারের পর এখন পর্যন্ত যা অর্জন করেছি, তা উপভোগ করতে চাই।’

দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ের পাঁচ দিন আগে দেয়া ওই সাক্ষাৎকারে রোনালদোর এমন মন্তব্য ফুটবলবিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার অবসর মানে শেষ হয়ে যেতে পারে আধুনিক ফুটবলের অন্যতম বর্ণিল ও সফল এক অধ্যায়।

স্পোর্টিং সিপি দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা রোনালদো খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ইউরোপের শীর্ষ ক্লাবে। ২০২৩ সালের জানুয়ারি থেকে তিনি সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। রিয়াল মাদ্রিদে কাটানো নয় বছর ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়। ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে তিনি রিয়ালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।

এবারের বিশ্বকাপে পর্তুগালের হয়ে তিনটি গোলও করেছেন রোনালদো। তবে শেষ ষোলোতে স্পেনের কাছে হারের পর বিদায় নিতে হয় তার দলকে।

রোনালদোর অবসরের ইঙ্গিতের মধ্যেই ফুটবলবিশ্বে আরেক মহাতারকা লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। সম্প্রতি বাবার মৃত্যুর পর নিজের ক্যারিয়ার কতদিন চালিয়ে যাবেন, তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন মেসি।

সব মিলিয়ে সময়ের দুই সেরা তারকা রোনালদো-মেসির ক্যারিয়ারের শেষ অধ্যায় যেন ধীরে ধীরে সামনে চলে আসছে। আর রোনালদোর ক্ষেত্রে সেই বিদায় হয়তো খুব বেশি দূরে নয়।

সদ্য সংবাদ/এসকে

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ