বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তামিমকে ‘ভারতীয় দালাল’ হিসেবে আখ্যায়িত করেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হওয়ায় পরে পোস্টটি মুছে ফেলা হয়।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পোস্টে লিখেন, 'এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু'চোখ ভরে দেখলো।'
পোস্টটি কিছুক্ষণ অনলাইনে থাকার পর সামাজিক মাধ্যমে তা তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে এবং দ্রুত মুছে ফেলা হয়।
এদিকে, এ ঘটনায় মুখ খূলেছেন তামিম ইকবাল নিজেও।
মিরপুরের সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, 'মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্তটি নিঃসন্দেহে হতাশাজনক। আমি দায়িত্বে থাকলে দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও সামগ্রিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতাম।'
সাবেক অধিনায়ক আরও বলেন, 'অনেক সময় জটিল বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। বাংলাদেশের ক্রিকেটের আয়ের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশই আসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে। তাই দেশের স্বার্থ এবং ক্রিকেটের সর্বোচ্চ মঙ্গলের জন্য যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, সেটিই হওয়া উচিত।'