মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি নতুন প্রতীকী ছবি শেয়ার করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।
শেয়ার করা ছবিতে তাকে গ্রিক পুরাণের শক্তিশালী চরিত্র ‘অ্যাটলাস’-এর রূপে দেখা যায়। ছবিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে দুই হাতে পৃথিবীকে উঁচিয়ে ধরে আছেন। তবে পোস্টটির সঙ্গে তিনি কোনো ক্যাপশন বা ব্যাখ্যামূলক বার্তা দেননি।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার পরদিনই তিনি এই ছবি প্রকাশ করেন। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ট্রাম্প হয়তো ইঙ্গিত দিতে চেয়েছেন যে বৈশ্বিক পরিস্থিতির ভার তিনি একাই বহন করছেন।
এর আগে চলতি বছরের শুরুতেও ট্রাম্প এ ধরনের এআই-নির্মিত ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিতে তাকে যাজকের পোশাকে দেখা যায়, যেখানে তিনি একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করছেন যা নিয়ে তখন ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়।
গ্রিক পুরাণ অনুযায়ী, অ্যাটলাস ছিলেন এক টাইটান, যাকে দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহের শাস্তি হিসেবে চিরকাল পৃথিবী বা আকাশ নিজের কাঁধে বহন করতে বাধ্য করা হয়। ট্রাম্পের এই নতুন এআই ছবি সেই পৌরাণিক প্রতীককেই নতুনভাবে তুলে ধরেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।