শুক্রবার (২১ নভেম্বর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পাইরেস একথা জানান।
ইউনিসেফের রিকার্ডো পাইরেস বলেন, 'নিহতদের মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিসের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় নিহত এক শিশু কন্যাও রয়েছে। এরমধ্যে আরো সাতটি শিশুও রয়েছে যারা একদিন আগে নিহত হয়েছিল। গাজা উপত্যকায় ইসরাইলের একের পর এক হামলায় মারা যায় তারা। এরা সবাই নিহত হয়েছে যুদ্ধবিরতির পর। এটি বিস্ময়কর।’
তিনি বলেন, ‘এগুলো শুধু পরিসংখ্যান নয়। প্রতিটি শিশু ছিল একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন হঠাৎ করে অব্যাহত সহিংসতার কারণে সব ধূলিসাৎ হয়ে গেছে।’
গাজায় ইসরায়েলি বোমাবর্ষণের ফলে ফিলিস্তিনি শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মাসে ইউনিসেফের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ৬৪ হাজার শিশু হতাহত হয়েছে।
সেভ দ্য চিলড্রেন তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে যুদ্ধে প্রতি মাসে গড়ে ৪৭৫ জন ফিলিস্তিনি শিশু পঙ্গু হয়েছে। যার মধ্যে মস্তিষ্কের আঘাত এবং পুড়ে যাওয়া শিশুরাও রয়েছেন।