বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। একই সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশার কথাও তুলে ধরেছেন তিনি।
নরওয়ের বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভিনিসিয়াস বলেন, জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন।
তিনি লেখেন, লাখো সমর্থক দলের স্বপ্নকে ভালোবেসে পাশে ছিলেন। সেই প্রত্যাশা পূরণ করতে না পারায় তিনি দুঃখিত এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে নিতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও প্রতিশ্রুতি দেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
চলতি বিশ্বকাপে চোটের কারণে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারায় ব্রাজিল। এরপরও পাঁচ ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করে দলের অন্যতম সেরা পারফরমার ছিলেন ভিনিসিয়াস। তবে শেষ পর্যন্ত নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে দলের বিদায়ের পর কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হলেও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন তার ওপর আস্থা রেখেছে। দলের সমন্বয়কারী রদ্রিগো কায়েতানো জানিয়েছেন, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির অধীনেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করবে ব্রাজিল।