পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন তার বোন ডা. উজমা খানম। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ২০ মিনিটের সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আলহামদুলিল্লাহ, তিনি শারীরিকভাবে ঠিক আছেন। তবে মানসিকভাবে প্রচণ্ড চাপের মধ্যে রাখা হয়েছে। দিনভর সেলে আটকে রাখা হয়, বাইরে সামান্য সময়ের জন্য যেতে পারেন, এবং কারও সঙ্গে যোগাযোগের সুযোগ নেই।”
উজমা জানান, ইমরান খান তার বর্তমান অবস্থার জন্য পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরকে দায়ী করছেন। ইমরান মনে করেন, সামরিক বাহিনী পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে মুনির সংবিধান পুনর্লিখন করেছেন এবং নিজে, অন্যান্য বাহিনীর প্রধান ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির আজীবন দায়মুক্তি নিশ্চিত করেছেন। ক্ষমতাকে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করার উদ্দেশ্যেই তাকে কারাগারে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
গত কয়েক সপ্তাহ ধরে ইমরানের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছিল। পরিবারকে দীর্ঘদিন দেখা করতে না দেওয়া এবং গোপনে হত্যার গুজবের কারণে তীব্র উত্তেজনা তৈরি হয়। সম্প্রতি ইমরানের তিন বোন—নূরীন নিয়াজি, আলিমা খান ও উজমা খান অভিযোগ করেন, সাক্ষাৎ দিতে গেলে তাঁদের ওপর হামলা করা হয়েছে। এছাড়া দুই ছেলে দাবি করেন, কারাগার প্রশাসন ইমরান খানের বিষয়ে ‘অপরিবর্তনীয়’ কিছু গোপন করছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবার ও দলের লোকজনের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।
ইমরানের ব্যক্তিগত চিকিৎসককেও কারাগারে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। প্রায় ২৫ দিন কাউকে তার সঙ্গে দেখা না দেওয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে তাকে গোপনে হত্যা করা হয়েছে। সরকারের আশঙ্কা, মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লাখো সমর্থকের বিক্ষোভ দেশ অস্থিতিশীল করে তুলতে পারে।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারও চাপের মুখে পড়েছে। পিটিআই–এর সিনেটর খুররম জিশান দাবি করেছেন, ইমরানকে জোর করে দেশ ত্যাগে বাধ্য করার জন্য বিচ্ছিন্ন রাখা হয়েছে। তাঁর মতে, ইমরানের বিপুল জনপ্রিয়তাই সরকারের আতঙ্কের কারণ।
৭২ বছর বয়সী বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী। প্রথম মৃত্যুর গুজব ছড়ায় আফগানিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। দুই দেশের সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে এই গুজব ছড়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।