আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: মোদি

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬ ১২:৪১:১০
ছবি: সংগৃহীত

ভারতে স্বর্ণের দাম কমার পেছনে নিজের দেওয়া পরামর্শের প্রভাব রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়োজন না হলে এক বছর স্বর্ণ না কেনার আহ্বানে সাধারণ মানুষ সাড়া দেওয়ায় তাদের অর্থ সাশ্রয় হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মোদি।

তিনি জানান, গত মে মাসে দেশবাসীকে অপ্রয়োজনে স্বর্ণ কেনা থেকে বিরত থাকার অনুরোধ করেছিলেন। তার সেই আহ্বানে সাড়া দিয়ে অনেকে স্বর্ণ কেনা কমিয়েছেন। এতে একদিকে স্বর্ণের চাহিদা কমেছে, অন্যদিকে মানুষের অর্থ সাশ্রয় হয়েছে বলে দাবি করেন তিনি।

নিজের এই উদ্যোগের সঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একটি আহ্বানের তুলনাও করেন মোদি। ১৯৬৫ সালে খাদ্যসংকটের সময় শাস্ত্রী দেশবাসীকে সপ্তাহে এক দিন একবেলা খাবার বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। মোদির মতে, জাতীয় প্রয়োজনে দেশের মানুষ এখনো নেতৃত্বের আহ্বানে সাড়া দেন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে দেশটিতে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। গুডরিটার্নসের তথ্য অনুযায়ী, দিল্লিতে গত ৯ মে ২৪ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। ২১ নভেম্বর তা নেমে আসে ১২ হাজার ৫২৩ রুপিতে।

এর আগে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপের প্রেক্ষাপটে স্বর্ণ কেনা কমানোর আহ্বান জানিয়েছিলেন মোদি। মে মাসে হায়দরাবাদের এক জনসভায় তিনি জাতীয় স্বার্থে এক বছর অপ্রয়োজনে স্বর্ণ না কেনার পরামর্শ দেন। একই সঙ্গে জ্বালানি সাশ্রয়, বাসা থেকে কাজের সুযোগ বাড়ানো এবং বিদেশ ভ্রমণ কমানোর মতো বিষয়েও সাত দফা আহ্বান জানান। সেপ্টেম্বরে আবারও একই অনুরোধ করেন তিনি।

স্বর্ণ আমদানিতে ব্যয় কমাতেও পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। মে মাসে দেশটিতে স্বর্ণ ও রুপার আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।

সরকারি তথ্যের বরাতে এনডিটিভি জানিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারতে স্বর্ণ আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমেছে। এ সময়ে আমদানিতে ব্যয় হয়েছে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, আগের বছর যা ছিল ৪১ দশমিক ২৪ বিলিয়ন ডলার।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবেও দেশটিতে স্বর্ণের চাহিদা কমার চিত্র উঠে এসেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতে স্বর্ণের চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কমে ১৬২ টনে দাঁড়িয়েছে। একই সময়ে স্বর্ণালংকারের চাহিদা কমেছে ২০ শতাংশ।

তবে স্বর্ণের দাম কমার পেছনে শুধু সাধারণ মানুষের কেনাকাটা কমানোই নয়, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, আমদানি শুল্কসহ বিভিন্ন অর্থনৈতিক বিষয়ও প্রভাব ফেলতে পারে।

​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে গোপনীয় নথি সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে গোপনীয় নথি সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী