ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসা কিশোর ও তরুণদের কানে ধরে ওঠবস করানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।
প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, সর্বমিত্র চাকমার কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তার ব্যাখ্যা পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
এ বিষয়ে শোকজ নোটিশ পাওয়ার কথা স্বীকার করে সর্বমিত্র চাকমা বলেন, তিনি নোটিশের বিষয়ে অবগত। তবে তিনি দাবি করেন, ডাকসুর একজন সদস্য হিসেবে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই তিনি ওই পদক্ষেপ নিয়েছিলেন। তিনি আরও বলেন, প্রক্টর অফিস তার ডাকসু সদস্য পরিচয় উল্লেখ না করে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বিভাগে নোটিশ পাঠিয়েছে, অথচ ডাকসু অফিসে পাঠানো হলে তা অধিক যৌক্তিক হতো।
উল্লেখ্য, সর্বমিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে ডাকসুর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।