বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন বলে নিশ্চিত করেছে লন্ডন বিএনপির একাধিক সূত্র। জানা গেছে, তিনি ইতোমধ্যে হিথ্রো বিমানবন্দরে চেক-ইন সম্পন্ন করেছেন। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাঁর ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।
এদিকে বিএনপির প্রেস উইং জানিয়েছে, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা কিছুটা বিলম্ব হতে পারে। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি সমস্যার কারণে যাত্রা স্থগিত হতে পারে বলে জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছিলেন, আজ মধ্যরাতের পর অথবা শুক্রবার সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।