জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন পদত্যাগ করেছেন। রোববার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দল ছাড়ার ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তাজনূভা জাবীন জানান, জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর পদত্যাগ করবেন বলে তিনি ভেবেছিলেন এবং সেটিই ছিল তাঁর শেষ আশা। তবে সবাই নিশ্চিত করার পর যে জোট চূড়ান্ত হয়েছে, তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তাঁর ভাষায়, পদত্যাগের কারণ কেবল জোট নয়, বরং যে প্রক্রিয়ায় জোট গঠিত হয়েছে সেটিই মূল বিষয়। অবিশ্বাস ও অনাস্থাকে তিনি এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও লেখেন, দলটি যদি বড় হয়ে সুসংগঠিত অবস্থায় দাঁড়াতে পারত, তাহলে অনেক বিষয়ে ছাড় দেওয়া যেত। কিন্তু গঠনের শুরুতেই আগে সংসদে যাওয়ার চিন্তা এবং কয়েকজন সংসদ সদস্যকে কেন্দ্র করে সংগঠন বড় করার ধারণাকে তিনি অস্থিতিশীল অবস্থা হিসেবে উল্লেখ করেন।
তিনি জানান, অত্যন্ত ভাঙা মন নিয়ে এনসিপি থেকে পদত্যাগের কথা জানাচ্ছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর অংশগ্রহণ করতে পারবেন না। এই সিদ্ধান্ত নেওয়ার দিনেই তাঁর মা চট্টগ্রাম থেকে আসছিলেন তাঁর নির্বাচন উপলক্ষে, যা তাঁকে আরও কষ্ট দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনেকের কষ্টের বিষয়টি তিনি অনুধাবন করলেও নিজের জন্য এ সিদ্ধান্তকেই সঠিক বলে মনে করেন এবং ন্যূনতম আশার সুযোগ না থাকায় আত্মসম্মানবোধের জায়গা থেকে তিনি এই পথ বেছে নিয়েছেন বলে জানান।
ভোটারদের উদ্দেশে দেওয়া বার্তায় তাজনূভা জাবীন বলেন, যারা তাঁকে ডোনেশন পাঠিয়েছেন, তাদের অর্থ তিনি পর্যায়ক্রমে ফেরত দেবেন। এ জন্য তিনি কিছুটা সময় চান এবং কীভাবে ধীরে ধীরে অর্থ ফেরত দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানিয়ে পরে আপডেট দেবেন বলে উল্লেখ করেন। প্রত্যেকটি পয়সা ফেরত দেওয়ার অঙ্গীকার করে তিনি সমর্থন ও ভালোবাসার জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।