ঘানায় চলতি সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (ন্যাডমো)-র পরিদর্শন বিভাগের পরিচালক রিচার্ড অ্যামো ইয়ার্টে জানান, এখন পর্যন্ত নিশ্চিত হওয়া ৩৪ জনের মধ্যে রাজধানী আক্রাতেই মারা গেছেন ১২ জন। নিখোঁজদের তথ্য যাচাই-বাছাই চলছে বলেও জানান তিনি। তার ভাষ্য, উদ্ধারকাজে আরও মরদেহ পাওয়া গেলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
গত বৃহস্পতিবার টিভি৩-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জরুরি উদ্ধারকারী দল এখনও নিখোঁজদের সন্ধানে কাজ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণও অব্যাহত রয়েছে।
ন্যাডমোর তথ্য অনুযায়ী, এ বন্যায় ঘানার সাতটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন মোট ৮৯ হাজার ৭৩৬ জন।
সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে গ্রেটার আক্রা অঞ্চল, যেখানে ঘরছাড়া হয়েছেন ৫৪ হাজার ৭১২ জন। এর পরেই রয়েছে সেন্ট্রাল অঞ্চল, যেখানে ক্ষতিগ্রস্তের সংখ্যা ২১ হাজার ৮৮২। এছাড়া ভোল্টা, ওয়েস্টার্ন, আশান্তি, ওয়েস্টার্ন নর্থ ও ইস্টার্ন অঞ্চলও বন্যার কবলে পড়েছে।
বন্যার তাণ্ডবে বহু ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমির ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে।