রাজধানীর রমনা এলাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দুপুর আনুমানিক দেড়টার দিকে শিল্পকলা একাডেমির সামনের সড়কে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের খবর তারা পেয়েছেন।
তবে ঘটনাটি কারা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এসএস