কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মোবাইল ফোনে অপ্রতিমের বাবার সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং অপ্রতিমের জন্য দোয়া করেন জামায়াত আমির।
ফোনালাপে ডা. শফিকুর রহমান বলেন, অপ্রতিমের মৃত্যুর খবর শুনে তারা মর্মাহত। শোক কাটিয়ে ওঠার জন্য পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন তিনি।
একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিচারের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে।
পরদিন শনিবার দুপুরের দিকে কুমিল্লা সদর দক্ষিণের সানন্দা এলাকার একটি নির্জন স্থান থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
এ ঘটনায় পুলিশ তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটক করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তুহিনের কাছ থেকে অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কীভাবে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। ছেলের মৃত্যুর ঘটনায় পরিবার ও বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এসকে