পূর্বনির্ধারিত নির্বাচনী গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং সেখানে তার অস্ত্রোপচার চলছে।
তরুণ এই রাজনীতিক ও অ্যাক্টিভিস্টের সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শায়খ আহমাদুল্লাহ। তিনি জানান, এ ধরনের হামলা অত্যন্ত মর্মান্তিক এবং আল্লাহর দরবারে তার সুস্থতার জন্য দোয়া করেন।
অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হাদির সুস্থতা কামনা করে বলেন, জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার পর এমন ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত। তিনি দ্রুত দোষীদের গ্রেফতারের আহ্বান জানান।
হাদির সঙ্গে ব্যক্তিগত স্মৃতিচারণ করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. আসিফ সৈকত। তিনি লেখেন, নানা ভুল বোঝাবুঝি কাটিয়ে হাদি তার কাছে দোয়া চেয়েছিলেন। বর্তমানে এই অবস্থায় তাকে দেখে নিজেকে অপরাধী মনে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ইমরুল হাসান মন্তব্য করেন, জুলাইয়ের পরে তৈরি হওয়া নতুন সামাজিক-রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোর মধ্যে ইনকিলাব কালচারাল সেন্টারের অন্যতম মুখ ছিলেন হাদি। তার ওপর হামলা মানে এসব উদীয়মান কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা।
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন হাদির দ্রুত সুস্থতা কামনা করে বলেন, তাকে এমন অবস্থায় দেখতে কষ্ট হয়।
তরুণ আলেম ও অ্যাক্টিভিস্ট মনযূরুল হক বলেন, হাদি দীর্ঘদিন ধরে হুমকির কথা জানালেও তার নিরাপত্তায় পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি প্রশ্ন তোলেন—এ দায় সরকার এড়াতে পারে কীভাবে?
ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী জানান, হাদি ঢামেকের জরুরি বিভাগে ভর্তি আছেন এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
হাদির সুস্থতা কামনা করে এনসিপি নেতা সারজিস প্রার্থনা করেন। আর সিনিয়র সাংবাদিক হাসান আদিল সিদ্দিকী বলেন, হাদির ওপর হামলা ইসলামের পক্ষে দাঁড়ানো কণ্ঠ রোধের প্রচেষ্টা। তার ভাষায়, হাদি সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন, আর তাকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে।
হাদিকে হাসপাতালে দেখতে গিয়ে আবেগাপ্লুত হন এনসিপি নেতা ও জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহ। তিনি অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরও অনেকে দোয়া কামনা করেছেন। নুর মোহাম্মদ প্রার্থনায় লিখেছেন, আল্লাহ হাদিকে পূর্ণ সুস্থতা দান করুন। ওয়ালিদ হোসাইন সবুজ বলেন, গুলির আঘাতে ক্ষতবিক্ষত হলেও এই জীবন সংগ্রামে জয়ী হতেই হবে। মো. আব্দুল্লাহ মনে করিয়ে দেন, তফশিল ঘোষণার একদিন পরই জুলাইয়ের একজন শীর্ষ মুখকে হামলার মুখোমুখি হতে হলো। মুসতাকিন মিয়া লিখেছেন, সত্য ও ন্যায়ের পথে হাদিকে আল্লাহ হেফাজত করুন।