জামায়াতে ইসলামীতে সদ্য যোগ দেওয়া অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তার দাবি, জামায়াতে ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধবিরোধী বা স্বাধীনতাবিরোধী নয় এবং মিথ্যা অভিযোগের ভিত্তিতে দলটির নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। তিনি বলেন, পূর্বপুরুষদের কৃতকর্মের দায় পরবর্তী প্রজন্মের ওপর চাপানো যায় না, এমন বক্তব্য ধর্মগ্রন্থেও রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত রোকন সমাবেশে এসব কথা বলেন আখতারুজ্জামান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে রাজাকাররা মূলত রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট পাহারার দায়িত্বে ছিল। রাজাকার, আলবদর ও আলশামস পাকিস্তানি বাহিনীর সহযোগী সংগঠন হিসেবে কাজ করত এবং আত্মসমর্পণের পর তারা পাকিস্তানে ফিরে যায়। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই।
আখতারুজ্জামান আরও বলেন, পাকিস্তানি বাহিনীই ছিল তাদের শত্রু, জামায়াতে ইসলামী নয়। তিনি পুনরায় দাবি করেন, জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয় এবং এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির মীর নুরুল ইসলাম, নাটোর-২ সদর আসনের জামায়াত প্রার্থী ইউনুস আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের সেক্রেটারি সাদেকুর রহমান জানান, চলতি বছর সংগঠনের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে নারীসহ ১১৭ জন রোকন শপথ নিয়েছেন। নাটোর জেলায় বর্তমানে দেড় হাজারের বেশি রোকন রয়েছেন।