ভারতের বিহারে বিয়েবাড়িতে খাসির মাংসের পরিবর্তে মুরগির মাংস পরিবেশন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ ও ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মোহাম্মদ আবদুল্লাহ ওরফে চাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খাবার পরিবেশনের সময় এ ঘটনার সূত্রপাত হয়।
বরপক্ষের অভিযোগ, বিয়ের মেন্যুতে খাসির মাংস রাখার কথা থাকলেও তাদের মুরগির মাংস পরিবেশন করা হয়। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
একপর্যায়ে কনেপক্ষের কয়েকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সংঘর্ষের সময় কয়েকজনকে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাণ্ডব চালাতে দেখা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।