এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা ও পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। তবে স্মৃতিসৌধে সূর্যাস্তের আগে শ্রদ্ধা নিবেদনের বিধান থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই তার পক্ষে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান এবং মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরও কর্মসূচিতে অংশ নেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়। স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাজানো হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। পাশাপাশি আশপাশের এলাকায় সাধারণ চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়।
তিনি আরও জানান, এর আগের দিন বৃহস্পতিবার স্মৃতিসৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।