নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই টানা নয়দিনের আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সবার অংশগ্রহণ নিশ্চিত করতেই নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের শর্ত শিথিল করেছে।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, “অনেকে হয়তো আমাদের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করতে পারেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টি আমরা কীভাবে শিথিল করেছি, তা আপনারা দেখেছেন। কারণ, আমরা চাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক। তবে প্রার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।”
সিইসি আরও বলেন, “আমি আমার ও আমার টিমের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই—আমরা কোনো পক্ষপাতিত্ব করে কোনো রায় দিইনি। অনেক বিচার-বিবেচনা ও মহান আল্লাহর ওপর ভরসা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি।”
শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত ও ধৈর্যশীল অংশগ্রহণের প্রশংসা করে নাসির উদ্দিন বলেন, “আপনারা যেভাবে প্রশ্ন করেছেন এবং জবাব দিয়েছেন, তা দেখে আমি অভিভূত। আমাদের আলেম-ওলামারা একে ‘বাহাস’ বলেন। আপনাদের এই আচরণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোবারকবাদ।”
তিনি বলেন, সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ধৈর্য ধরে শুনানিতে অংশ নিয়েছেন এবং অনেকেই কমিশনের ডাকে আগেভাগেই উপস্থিত হয়েছেন। এ সহযোগিতার জন্য নির্বাচন কমিশন কৃতজ্ঞ।
এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “যেসব ঋণখেলাপিকে আমরা ছাড় দিয়েছি, তা কিছুটা কষ্ট নিয়েই করতে হয়েছে। তবে আইন তাদের প্রার্থিতা অনুমোদন দেওয়ার সুযোগ রেখেছে বলেই আমরা বাধ্য হয়েছি তাদের বৈধ ঘোষণা করতে।”