জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট আদালতে দাখিল করা সম্ভব হবে। দ্রুত বিচার নিশ্চিত করতে মামলাটি ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ না করলেও তিনি মামলার উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং প্রেমিকা মারিয়া আক্তার লিমা। এ ছাড়া মো. কবির, নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিও, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম রাজু ও মো. আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন আসামি এবং চারজন সাক্ষী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন, একটি ছোরা, ভুয়া নম্বর প্লেটযুক্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত পুলিশের হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, তদন্তে ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে মোট ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক জব্দ করা হয়েছে, যা এই হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।
বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে ফ্যাসিবাদের দোসর ও দুষ্কৃতকারীরা সক্রিয় রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক নেতাদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, দলের ভেতরে খোলস পাল্টানো সুযোগসন্ধানী ও অপরাধীদের চিহ্নিত করতে হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে, যাতে তারা কোনো দলের আশ্রয় না পায়।
কোর কমিটির সভায় দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও পর্যালোচনা করা হয়। উপদেষ্টা জানান, গত ১৩ ডিসেম্বর শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে এ পর্যন্ত ২২ হাজার ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০২টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি ময়মনসিংহে দিপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার ঘটনায় র্যাব ও পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তারের তথ্য দেন। পাশাপাশি লক্ষ্মীপুর নির্বাচন অফিসে অগ্নিসংযোগের মূল আসামি রুবেল এবং খুলনায় শ্রমশক্তি নেতা মোতালেব সিকদারকে হত্যাচেষ্টার ঘটনায় তিনজন গ্রেপ্তারের কথাও জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা দেশবাসীর প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, হাদি হত্যার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে একটি মহল সক্রিয় থাকলেও সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।