ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। হাসপাতালে তাকে জরুরি অস্ত্রোপচারে নেওয়া হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। হাসপাতালে তাকে জরুরি অস্ত্রোপচারে নেওয়া হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২২ মিনিটের দিকে ডিআর টাওয়ারের সামনে তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হামলা চালায়। তার মধ্যে একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
হাদির সঙ্গীরা জানান, বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল তার। রিকশায় করে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, হাদির জন্য এখন জরুরিভিত্তিতে বি-নেগেটিভ রক্ত প্রয়োজন।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকার জন্য আলোচনায় আসেন ছাত্রনেতা ওসমান হাদি। এরপরও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন তিনি।
গত নভেম্বরে দেশি-বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে হত্যার হুমকিসহ পরিবারের সদস্যদের ওপর নানাবিধ নির্যাতনের ভয়ভীতি প্রদর্শনের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন তিনি।