কোন রাখঢাক না রেখেই এবার পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলে দেশটিকে অতীত ইতিহাসের অংশে পরিণত করার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে তিনি বলেছেন, সীমান্তে সন্ত্রাসবাদকে সমর্থন দেয়া অব্যাহত রাখলে পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে তারা ‘ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৬ মে) সেনা সংবাদ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেনারেল দ্বিবেদী গত বছরের পেহেলগাম সন্ত্রাসী হামলার জবাবে পরিচালনা করা ‘অপারেশন সিঁদুর’ এর প্রসঙ্গ তোলেন।
জেনারেল দ্বিবেদী বলেন, ‘আপনারা যদি আমার কথা শুনে থাকেন, তাহলে জানেন—আমি বলেছিলাম, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাওয়া বন্ধ না করে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে, নাকি ইতিহাসের অংশ হয়ে যাবে।’
গত বছরের মে মাসে ভারতের পেহেলগামের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে থাকা তথাকথিত সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালায় ভারত। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’ । এর ফলে, দুই দেশের মধ্যে চার দিনের যুদ্ধ শুরু হয় এবং ভারত বেশ কয়েকটি যুদ্ধবিমান হারায়।
জেনারেল দ্বিবেদী আধুনিক যুদ্ধ ও জাতীয় নিরাপত্তায় ‘হোল-অব-নেশন অ্যাপ্রোচ’-এর গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আপনি যখন বড় চিত্রটি দেখবেন, তখন একটি পুরো জাতিকে একসঙ্গে কাজ করতে হবে। যুদ্ধ লড়তে পুরো ভারতকে কীভাবে একত্র করবেন? কীভাবে পারস্পরিক সংযোগ গড়ে তুলবেন?’
তিনি আরও বলেন, 'ভবিষ্যতের সামরিক অভিযান ও জাতীয় প্রস্তুতিতে বিভিন্ন প্রতিষ্ঠান এবং নাগরিকদের মধ্যে কৌশলগত সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক যুদ্ধ এখন শুধু সীমান্তে হয় না, মানুষের মাথার ভেতরও হয়। রাষ্ট্রগুলো এখন সেটাই সবচেয়ে বেশি ভয় পায়।'