জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংগঠনটির সদস্য সচিব শামসুল আরেফীন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ বিরোধের সূত্রপাত বলে জানা গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে ক্যাম্পাসের বিভিন্ন অংশে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সংঘর্ষের সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। তাদের মধ্যে জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন সাইফও ছিলেন।
সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের কতজন আহত হয়েছেন বা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান ও কনসার্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই ঘটনার পর সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমিকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
এর কয়েকদিনের ব্যবধানেই ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জবি ক্যাম্পাসে ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধ নতুন করে আলোচনায় এসেছে।
সদ্য সংবাদ/এসএস