গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তর্জাতিক অফিস, ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফিতা কেটে এসব দপ্তরের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বর্তমান বিশ্বে কোনো বিশ্ববিদ্যালয়ের এককভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক অফিসের মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি হবে। অন্যদিকে, আন্তর্জাতিক ভাষা সেন্টার শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভাষাগত দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গোবিপ্রবির এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, গোবিপ্রবিকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চান তাঁরা। আন্তর্জাতিক অফিস ও ভাষা সেন্টার প্রতিষ্ঠা সেই লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন এবং বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়তে আসবেন। পাশাপাশি ভাষা শেখার সুযোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং কর্মক্ষেত্রে এগিয়ে রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা আন্তর্জাতিক অফিস ও ভাষা সেন্টারের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
সদ্য সংবাদ/ এআর