স্বাস্থ্য খাতে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শিশুদের হামসহ বিভিন্ন রোগে মৃত্যু ঠেকাতে না পারার দায় এড়িয়ে যেতে চান না বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নিউমোনিয়া দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘এ নিউ এরা নিউমোনিয়া কন্ট্রোল’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
নিজের দায়িত্ব পালনের বিষয়ে মন্ত্রী বলেন, কেউ যদি মনে করেন তিনি ব্যর্থ, তাহলে পদত্যাগ করতে তার কোনো আপত্তি নেই। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরও শিশুদের মৃত্যুর হাত থেকে পুরোপুরি রক্ষা করতে না পারার বিষয়টি তাকে ভাবিয়ে তুলছে। কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, অতীতের সরকারের ব্যর্থতার কথা বলে বর্তমান দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এখন তিনি দায়িত্বে রয়েছেন, তাই মানুষের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়াই তার প্রধান লক্ষ্য।
মন্ত্রী আরও বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে শুধু আলোচনা সভা কিংবা সেমিনার আয়োজন করলেই হবে না। বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ জন্য চিকিৎসক, গবেষক ও বিশেষজ্ঞদের কাছ থেকে সুনির্দিষ্ট পরামর্শ চান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সীমিত অর্থনৈতিক সম্পদ দিয়েও পরিকল্পিতভাবে কাজ করলে স্বাস্থ্য খাতের অনেক চাহিদা পূরণ করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
মানুষের জীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, একটি প্রাণ বাঁচানো সমগ্র মানবজাতিকে বাঁচানোর সমান। তাই প্রতিটি রোগীর চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা ও আস্থা রাখতে হবে।
আলোচনা সভায় উপস্থিত বিশেষজ্ঞদের উদ্দেশে তিনি একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির আহ্বান জানান। এ বিষয়ে প্রয়োজনে সচিবালয়ে কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বসে পরবর্তী কার্যক্রম নির্ধারণের আশ্বাসও দেন স্বাস্থ্যমন্ত্রী।
সদ্য সংবাদ/এসএস