পরিবেশদূষণ নিয়ন্ত্রণে দেশের সব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের এই নির্দেশনার ফলে অনুমোদনহীন ইটভাটাগুলোর বিরুদ্ধে পুনরায় ব্যবস্থা নেওয়ার পথ আরও স্পষ্ট হলো। একই সঙ্গে আগের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রমের অগ্রগতি জানতে চেয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে দেশের সব বিভাগীয় কমিশনার এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে বাস্তবায়ন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের এই আদেশের পেছনে রয়েছে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসংক্রান্ত একটি রিট মামলা। ২০২২ সালের ১৩ নভেম্বর দায়ের করা ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং সেগুলো অপসারণের নির্দেশ দিয়েছিলেন।
পরবর্তী সময়ে ইটভাটা মালিকদের পক্ষ থেকে আদালতের নির্দেশনা পরিবর্তনের জন্য একাধিকবার আবেদন করা হয়। বিশেষ করে জিগজ্যাগ পদ্ধতিতে পরিচালিত ইটভাটাগুলোকে নির্দেশনার আওতার বাইরে রাখার আবেদন জানানো হয়েছিল। শুনানি শেষে আদালত নির্দেশনায় কিছু সংশোধন আনলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের বিষয়ে আগের অবস্থান বহাল রাখেন।
এদিকে হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে বিভিন্ন ইটভাটার মালিকপক্ষ আপিল করে স্থগিতাদেশ চাইলেও আপিল বিভাগের চেম্বার আদালত তাতে সাড়া দেননি। পরবর্তী সময়ে আপিল বিভাগেও সংশ্লিষ্ট আপিলগুলো খারিজ হয়ে যায়।
এরপরও দেশের বিভিন্ন স্থানে বন্ধ থাকা অবৈধ ইটভাটা আবার চালুর চেষ্টা চলছে বলে অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) আদালতের শরণাপন্ন হয়। সংগঠনটির আবেদনে আগের নির্দেশনা কতটুকু বাস্তবায়িত হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চাওয়ার আবেদন করা হয়।
বৃহস্পতিবার শুনানি শেষে আদালত আবেদনটি গ্রহণ করে সারাদেশের অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদসহ আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী, সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।
সদ্য সংবাদ/এসএস