রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের ৩০ জনের বেশি নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, বর্তমানে মিরপুর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের একটি অংশ বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।
তিনি জানান, আগের দিন শ্রমিক, মালিক ও প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত আসার পর অধিকাংশ শ্রমিক কাজে ফিরেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নতুন করে কেউ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বৃহস্পতিবার সকালে মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় রাইজিং গ্রুপের একটি পোশাক কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজে যোগ দেন। তবে সকাল পৌনে ১০টার দিকে কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় কয়েকজন সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি সিদ্দিক জানান, পুলিশের উপস্থিতি দেখে সড়কে জড়ো হওয়া শ্রমিকেরা সরে যান। ফলে সেখানে কোনো ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অন্যদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর গোলচত্বরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সকাল থেকেই পুলিশ, বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি এসব এলাকায় যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, পোশাকশ্রমিকেরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মিরপুর এলাকায় আন্দোলন করে আসছেন। এ আন্দোলনকে কেন্দ্র করে কয়েক দিন ধরে ওই এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
সদ্য সংবাদ/এসএস