ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছেন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। আটকের পর মারধর করে তাঁদের শাহবাগ থানায় নেওয়ার সময় এক যুবক নিজেকে বিএনপির কর্মী বলে দাবি করেন। এ সময় তিনি বলেন, ‘আমি বিএনপি করি ভাই।’
নিজের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের সঙ্গে যোগাযোগ করার অনুরোধও জানান ওই যুবক।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ভিসি চত্বর, মুক্তি ও গণতন্ত্র তোরণ, জগন্নাথ হল ও সিনেট ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৭-৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের বিজয় একাত্তর হল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানান, বিস্ফোরণের পর কয়েকজনকে দ্রুত পালিয়ে যেতে দেখে তাঁদের ধাওয়া করেন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে দুজনকে আটক করা হয়। পরে জগন্নাথ হলের সামনে থেকে আটক করা হয় আরও একজনকে।
আটকের পর উত্তেজিত শিক্ষার্থী ও উপস্থিত লোকজন তাঁদের মারধর করেন। এ সময় আটক এক যুবক বারবার নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে বলেন, ‘আমি বিএনপি করি ভাই।’
নিজের পরিচয়ের সত্যতা যাচাইয়ের জন্য উপস্থিত ব্যক্তিদের স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে ফোনে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি। পরে তিনজনকেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন নাটোরের রেজাউল করিম (৪২), রাজশাহীর সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের নাজমুস সাদ (৩৩)।
এদিকে, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁরা শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অভিযোগ করেন, ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট করতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা পরিকল্পিতভাবে চোরাগোপ্তা ককটেল হামলা চালিয়েছে। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এসব ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁরা মনে করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন বলেন, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক তিনজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আটক তিনজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের পরিচয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
সদ্য সংবাদ/ এআর