কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে চাল চুরির অভিযোগে ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা সেলিম রেজাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকালে জারি করা এক আদেশে তাঁকে এ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা খাদ্য বিভাগ।
কুষ্টিয়া জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান জানান, দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে চাল চুরির অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে আদেশ জারি করে ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা সেলিম রেজাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ তদন্তের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল বিতরণ ও সংরক্ষণে অনিয়ম এবং চাল চুরির অভিযোগ নিয়ে মঙ্গলবার সংবাদ প্রকাশ করে দৈনিক সমকাল। ওই প্রতিবেদনে খাদ্যগুদামের চাল বিতরণ ও সংরক্ষণ ব্যবস্থায় বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।
দৈনিক সমকালে সংবাদ প্রকাশের পর খাদ্যগুদাম কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। তবে অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সদ্য সংবাদ/ এআর