প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। রাজনৈতিক সহকারীর পদ না পেলে রাশেদ খানকে রাস্তা ঝাড়ু দিয়ে জীবিকা নির্বাহ করতে হতো বলে মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি বগুড়ার একটি মাহফিলে বক্তব্য দিতে গিয়ে রাশেদ খানকে উদ্দেশ করে মুফতি আমির হামজা বলেন, ‘ওরা আজ আলেমদের পেছনে লাগে। ওদের যদি আজ মোবাইল চেক করে দেখবেন... নাউজুবিল্লাহ। চরিত্র বলে কিছু আছে?’
তিনি আরও বলেন, ‘মানুষের পেছনে যারা লেগে থাকে, এদের কথা যেন আল্লাহ বন্ধ করে দেন।’
আমির হামজা বলেন, ‘এখন আবার শুরু করেছে আলেমদের বিরুদ্ধে। আল্লামা সাঈদী বদদোয়া করেছিলেন, আল্লাহ আমার এত বড় অসম্মান যারা করল, তাদের তুমি জাতির সামনে ল্যাংটা করে দিও।’
তিনি আরও বলেন, ‘আমিও মুসাফির অবস্থায় কোরআন সামনে নিয়ে আল্লাহর কসম, এই বগুড়ার মাটিতে বদদোয়া দিয়ে গেলাম। আমাদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, একটা অক্ষরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’
সদ্য সংবাদ/ এআর