ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একসঙ্গে তিনটি পদে দায়িত্ব পালন করা আলোচিত কর্মকর্তা মনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। তাঁকে ডিএসসিসি থেকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে বদলির তথ্য জানানো হয়।
মনোয়ার হোসেন ডিএসসিসির নিরীক্ষা কর্মকর্তা, প্রশাসকের একান্ত সচিব (পিএস) ও আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর একক আধিপত্য ও প্রভাবের কারণে করপোরেশনের প্রায় সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তটস্থ থাকতেন বলে অভিযোগ রয়েছে।
একসঙ্গে তিনটি পদে দায়িত্ব নেওয়ার পর নগর ভবনে মনোয়ার হোসেনের প্রভাব ও দৌরাত্ম্য বেড়ে যায়। কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, নগর ভবনে এককভাবে আধিপত্য বিস্তার করেছিলেন তিনি।
এ ছাড়া করপোরেশনের বিভিন্ন দরপত্রে পছন্দের লোক নিয়োগ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে।
সদ্য সংবাদ/ এরআর