নাশকতার পরিকল্পনায় সম্পৃক্ত থাকার অভিযোগে নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাকে আটক করে। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
পুলিশের ভাষ্য, পাপিয়া সুলতানা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক। নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার একটি পোস্ট ঘিরেও আলোচনা তৈরি হয়েছে। শনিবারের ওই পোস্টে তিনি লেখেন, ‘আমি গ্রেপ্তার হলেও সমস্যা নাই। আপনারা চালিয়ে যাবেন। সরকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলেই পড়ে যাবে। ইনশাআল্লাহ, জয় বাংলা।’
তার ফেসবুক অ্যাকাউন্টে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের পক্ষে বিভিন্ন পোস্টও দেখা গেছে বলে জানা গেছে।
সদ্য সংবাদ/এসএস