রাজধানীর উত্তরখানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতের শেষ ভাগে কাঁচকুড়া বেপারীপাড়া এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৩টা ১০ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগার খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে যায়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ভোর ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কে এইচ এম এরশাদ জানান, বাসটি রাতে সড়কের ওপর পার্ক করা ছিল। অগ্নিকাণ্ডের সময় বাসের ভেতরে কোনো যাত্রী কিংবা কর্মী ছিলেন না।
তিনি বলেন, কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সদ্য সংবাদ/এসএস