চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মিনিবার ফুটবল প্রতিযোগিতার শিরোপা জিতেছে জেবি উচ্চ বিদ্যালয়ের ২১ ব্যাচ। শুক্রবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত ফাইনালে ১৭ ব্যাচকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
জেবি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ‘জেবি এক্স স্টুডেন্ট প্রিমিয়ার লিগ’ নামের এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী টুর্নামেন্টে মোট ১৫টি দল অংশ নেয়।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী ও আরটিভির মিরসরাই প্রতিনিধি শিহাব উদ্দিন সিদ্দিক। টুর্নামেন্টের উদ্বোধন করেন জেবি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রবিউল আলম ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মিজানুর রহমান, শাহরিয়ার হায়দার, ডা. শাকিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার শেখ সাদেক, আশরাফুল নাহিন, মেহেদী হাসান, তৈমুর, দেলোয়ার হোসেন, আহসান হাবীব, হৃদয় ও রাহুলসহ অনেকে।
আয়োজক আহসান হাবীব বলেন, উত্তর চট্টগ্রামের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান জেবি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের সম্পর্ক ধরে রাখতে নিয়মিত খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। এ ধরনের আয়োজন সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সংগঠনগুলোর জন্যও অনুপ্রেরণা হতে পারে।
খেলাধুলার মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।
সদ্য সংবাদ/এসএস