পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আইজিপিকে ‘নতুন বেনজীর’ আখ্যা দিয়ে তিনি সতর্ক করেছেন, ক্রসফায়ারের মতো পদক্ষেপ নেওয়া হলে পুলিশের ওপর আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসার আশঙ্কা তৈরি হতে পারে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মুগদায় আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করে এনসিপি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারের নির্দেশ পেলে ক্রসফায়ার চালানোর বিষয়ে আইজিপির বক্তব্য গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, এ ধরনের বক্তব্য প্রত্যাহার করা না হলে পুলিশের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও ভবিষ্যৎ আরও ঝুঁকির মুখে পড়তে পারে।
জনগণের সমস্যা সমাধানে সংসদে কথা বলার পরও প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় রাজপথে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এনসিপির এই নেতা।
তিনি বলেন, নিয়মিত বিল পরিশোধ করেও অনেক মানুষ গ্যাস পাচ্ছেন না। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। জনগণের ভোগান্তি দূর করার প্রত্যাশা থেকেই শেখ হাসিনার সরকারের পরিবর্তন ঘটেছিল বলেও মন্তব্য করেন তিনি।
সরকারদলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন এলাকায় অটোরিকশা ও দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগ তোলেন নাসীরুদ্দীন। তাঁর দাবি, আগে ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠত, এখন ছাত্রদলের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে।
সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ বিভিন্ন স্থানে সরকারদলীয় ব্যক্তিদের অস্ত্র হাতে নামার অভিযোগও করেন তিনি। এসব ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে অপরাধী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করা নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।
দেশে গণমাধ্যমের ওপর চাপ ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, ‘আমার দেশ’ পত্রিকার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা চান এনসিপির এই নেতা।
সদ্য সংবাদ/এসএস